শিরোনাম

ঢাকা, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৫ সালের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) প্রথম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগামীকাল ৫ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়ে চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা ৫ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ফরম পূরণের আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের প্রিন্টকৃত ফরম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি।
এতে আরও বলা হয়েছে, কলেজ কর্তৃক ডাটা নিশ্চয়ন করার সময়সীমা ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এবং সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার তারিখ ২৫ ও ২৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য জনপ্রতি ফি ৩ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ব্যবহারিক ফি ৬০০ টাকা এবং কেন্দ্র ফি ৭০০ টাকা (কলেজে ১০০ ও কেন্দ্রে ৬০০ টাকা)। মান-উন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রতি পত্রের জন্য ১ হাজার টাকা ফি প্রদান করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৪ ও ২০২৩ শিক্ষাবর্ষের নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
২০২৪ সালের প্রথম সেমিস্টার পরীক্ষায় সি প্লাস, সি বা ডি গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীরা মান-উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে অকৃতকার্য (এফ গ্রেড) বা অনুপস্থিত (এনএ) পরীক্ষার্থীরা সর্বোচ্চ দুইবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। চূড়ান্ত সিজিপিএ প্রাপ্ত কোনো শিক্ষার্থী মান-উন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারবেন না।
আবেদন প্রক্রিয়া বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট (https://ems.nu.ac.bd) থেকে নিজের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ডাটা এন্ট্রি করতে হবে। ফরম পূরণের সময় ইনকোর্স নম্বর প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।