শিরোনাম

ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিশ্ব আন্ত:ধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আন্ত:ধর্মীয় সম্প্রীতি র্যালি করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এ র্যালি বের করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে এই র্যালি উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে এই র্যালি বের করা হয়।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী নুরুল ইসলামসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ র্যালিতে অংশ নেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সমাজে আন্ত:ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, অসাম্প্রদায়িক, মানবিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।