বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে ভাষা পদযাত্রা

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ভাষা পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে এ পদযাত্রার আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে এই ভাষা পদযাত্রার উদ্বোধন করেন। পদযাত্রাটি কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগম এবং পদযাত্রা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক গুলশান আরাসহ বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ভাষা পদযাত্রায় অংশ নেন।

মহান ভাষা আন্দোলনে শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে প্রতিবছর এই পদযাত্রার আয়োজন করা হয়ে থাকে।