শিরোনাম

সিলেট, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): নগরীর ফাজিলচিশত এলাকায় অভিযান চালিয়ে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)-এর ভ্রাম্যমাণ আদালত ৬ ব্যক্তিকে জরিমানা করেছে।
সেপটিক ট্যাংক নির্মাণ না করে পাইপের মাধ্যমে টয়লেটের বর্জ্য সরাসরি ছড়ায় (খালে) ফেলার অভিযোগে তাদেরকে জরিমানা করা হয়।
আজ বুধবার সিসিক-এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সিলেট সিটি কর্পোরেশন আইন-২০০৯-এর ৯২ ধারায় ৬ জনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে ছড়া (খাল) ও ড্রেনে কোনো ধরনের বর্জ্য না ফেলা এবং দ্রুত সেপটিক ট্যাংক নির্মাণের অঙ্গীকার করে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযান চলাকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ফাজিলচিশত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, টয়লেটের বর্জ্য সরাসরি ছড়ায় ফেলার কারণে শুধু ওই এলাকার পরিবেশই দূষিত হচ্ছে না, এর প্রভাব পুরো নগরীতে পড়ছে। পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। এতে নগরবাসীর স্বাস্থ্য ও পরিবেশ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।