বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৩

নির্ধারিত এলাকার সকল প্ল্যান পাস করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ : মউক চেয়ারম্যান

ছবি: বাসস

ময়মনসিংহ, ৯ সেপ্টম্বর, ২০২৬ (বাসস) : নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার বলেছেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত এলাকার সকল প্ল্যান পাস করবে কর্তৃপক্ষ। 

তিনি জানান, চলতি বছরের ১০ এপ্রিল উন্নয়ন কর্তৃৃপক্ষের আইন পাশ হয়েছে।

আজ বুধবার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার এসব কথা বলেন।

মউক চেয়ারম্যান বলেন, এই আইন পাশের পর শুধু প্ল্যান পাশ করেই উন্নয়ন কর্তৃপক্ষ বসে থাকবে না, কর্তৃপক্ষের কর্মকর্তারা বিশেষ করে পরিদর্শক প্রকৌশলীরা নির্ধারিত ভবনে যাবেন এবং ওই ভবনের যে প্ল্যান আছে সেই প্ল্যান দেখে তা বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, উন্নয়ন কর্তৃপক্ষ এই আইন পাশ হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেশের সকল সিটি কর্পোরেশনগুলোকে চিঠি দিয়ে উন্নয়ন কর্তৃপক্ষের কাছে এ সক্রান্ত সকল ফাইলপত্র ও তথ্য বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। ইতোমধ্যেই মন্ত্রণালয়ের চিঠি, গণপূর্তের চিঠিসহ আমাদের একটি চিঠি সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে।

এ সময় নিয়ম অমান্য করে নির্মানাধীন বা নির্মিত ভবন প্রসঙ্গে মউক চেয়ারম্যান বলেন, কেউ ভবন নির্মানে অনিয়ম করলে আইনে জরিমানার বিধান আছে। প্রয়োজনে ভবন মডিফাই করারও বিধান আছে। এছাড়া যে সকল কর্মাশিয়াল স্পেসে-এ কার পাকিং করা হয়নি, সেখানে আমরা কার পার্কিং বাধ্যতামূলক করেছি। প্রয়োজনে কর্মাশিয়াল স্পেইস ভেঙে কার পার্কিং করে দেয়া হবে।

এর আগে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন বোর্ড সদস্য ও মউক প্রকৌশলী শফিকুল ইসলাম, গর্ণপূত ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের উপসচিব আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোজা মো. গোলাম মাসুম প্রধান এবং স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি সায়কা বিনতে আলম।
 
উল্লেখ্য, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হওয়ার পর এই প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে প্লান পাশ, ফি নির্ধারণ, ব্যাংক হিসাব চালুসহ বিবিধ আলোচনা করা হয়।