বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, বিচ্ছিন্ন ৯২ সংযোগ

ছবি : বাসস

নরসিংদী, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): সদর উপজেলার মাধবদী পৌরসভা এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯২টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ গ্যাস আইনে ৭টি মামলা দায়ের করা হয়। একই অভিযানে বকেয়া গ্যাস বিল বাবদ আরও ৩ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাধবদী পৌরসভা এলাকায় অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগ শনাক্ত করে তা বিচ্ছিন্ন করা হয়। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয় এবং বকেয়া বিলও আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

সরকারি সম্পদের অপব্যবহার এবং অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।