শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়া, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় আজ আখাউড়া পৌর শহরের সড়ক, বাজার ও আশেপাশের যানজট নিরসন ও হকার পুনর্বাসনের লক্ষ্যে অস্থায়ী পৌর কাঁচা বাজার উদ্বোধন করা হয়েছে।
আখাউড়া পৌরসভার উদ্যোগে নির্মিত এ অস্থায়ী কাঁচা বাজারে লটারীর মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে ৯৮টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ এ পৌর কাঁচা বাজার উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আখাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আখাউড়া পৌরসভা ভবন সংলগ্ন সরকারি ভূমিতে প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে টেন্ডারের মাধ্যমে ৯৮টি দোকান নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ৬ ফুট বাই ৭ ফুট আয়তনের ৪৮টি সবজির দোকান এবং ৫ ফুট বাই ৭ ফুট আয়তনের ৫০টি ফলের দোকান রাখা হচ্ছে। এছাড়া মোটরসাইকেল রাখার জন্য ২০ ফুট বাই ৮০ ফুট একটি জায়গা রয়েছে।