বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৭

কুষ্টিয়া সীমান্তে মাদক ও মালামাল উদ্ধার

সোমবার রাতে কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে মাদক ও মালামাল উদ্ধার করেছে বিজিবি। ছবি: বাসস

কুষ্টিয়া, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, গতকাল রোববার রাত ৮টার দিকে জামালপুর বিওপি’র দায়িত্বে নিয়েজিত কাশেম বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩২০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।

এরপর সোমবার রাত সাড়ে ১২টার দিকে চিলমারী বিওপি’র দায়িত্বপূর্ণ মরার পাড়া কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২ হাজার ৮০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ৬শ’ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। অন্যদিকে ভোর সোয়া ৪টার দিকে বিলগাথুয়া বিওপি’র দায়িত্বপূর্ণ দক্ষিণ বিলগাথুয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে পটরিত্যক্ত অবস্থায় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামালের মোট আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ ৫৫ হাজার ১শ’ টাকা।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ, চোরাচালান ও অবৈধ পারাপারসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।