বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৮

পিআইবি’র উদ্যোগে রাঙ্গামাটিতে সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু

সোমবার বেলা ১১টায় পিআইবি’র উদ্যোগে রাঙ্গামাটিতে সাংবাদিকদের প্রশিক্ষণ শুরু হয়।ছবি: বাসস

রাঙ্গামাটি,৭ সেপ্টেম্বর, ২০২৬(বাসস) : জেলায় আজ থেকে রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাক্ট-চেকিং এবং সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কনফারেন্স হলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে এবং ইউনেস্কোর সহযোগিতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা।

ইউনেস্কো বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এবং হেড অব অফিস ড. সুজান ভাইজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন ইউনেস্কোর মিডিয়া অ্যান্ড ইলেকশনস প্রকল্পের প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল ইউন, পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন,ঢাকা পোস্টের হেড অব নিউজ মিডিয়া আরিফুল ইসলাম আরমান, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ইউনিয়ন সভাপতি মো. কামাল উদ্দিন, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।

তিনদিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতায় এআই ব্যবহারের ধরন, কৌশল ও ধারণাসহ এআই ও ফ্যাক্ট-চেকিংয়ের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার গুরুত্ব, সাংবাদিকতার নীতি ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কেও প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

তিনদিনের কর্মসূচিতে প্রথম দিনে রয়েছে এআই ও সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, জেনারেটিভ এআই ও জেনারেটিভ এআই টুল, সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা এবং সংশ্লিষ্ট বিষয়। প্রশিক্ষণে এসব বিষয়ে ধারণা যাচাই, উপস্থাপন ও ব্যবহারিক অনুশীলনের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
দ্বিতীয় দিনে রিক্যাপিংয়ের পাশাপাশি নেটওয়ার্ক এনালাইসিস, ডেটা বিশ্লেষণ ও কনটেন্ট তৈরি, ভিডিও কনটেন্ট

তৈরি এবং গুগল এআই স্টুডিও ব্যবহারের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এদিন সাংবাদিকদের নিরাপত্তা, বিশেষ করে শারীরিক নিরাপত্তা এবং প্রতিকূল পরিবেশে রিপোর্টিং নিয়েও প্রশিক্ষণ দেয়া হবে।

তৃতীয় দিনের কর্মসূচিতে সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিংয়ের ধারণা, তথ্য ও গণমাধ্যম সাক্ষরতা, ছবি ও ভিডিও যাচাই এবং এআই শনাক্তকরণ বিষয়ে প্রশিক্ষণ।

প্রশিক্ষণে রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। আগামী ৯ সেপ্টেম্বর এই প্রশিক্ষণ শেষ হবে।