বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০৩

গাইবান্ধায় সড়ক দুঘর্টনায় নিহত ১

গাইবান্ধা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় আনিছুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সকালে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান।

এর আগে রোববার রাতে উপজেলার চাপরিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিছুর রহমান রংপুর জেলার মিঠাপুকুর থানার নিশ্চিন্তপুর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার চাপরিগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস আনিছুর রহমানকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান বাসস’কে বলেন,ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। বাসটিকে এখনও আটক করা সম্ভব না হলেও শনাক্তের চেষ্টা চলছে।