বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৯

ফেনী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

আজ সকালে ফেনী সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি । ছবি: বাসস

ফেনী, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ফেনী সীমান্তে অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার সকালে জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, চশমা, থ্রি-পিস, ওষুধ ও কাঠসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা।

এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বাসসকে বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’