শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়া, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি- ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচনে আজ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শনিবার সকাল ৯টা থেকে জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে।
ইউনিটের ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও ৫টি সদস্য পদসহ মোট ৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন প্রার্থী।
এরমধ্যে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন-মো. আসাদুজ্জামান শাহীন, এ.বি.এম. মোমিনুল হক ও ফরিদ উদ্দিন আহমেদ।
সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫জন-কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো. মিজানুর রহমান ও মো. শাহ ওয়াসিম পারভেজ।
এ ছাড়া ৫টি সদস্য পদের বিপরীতে লড়ছেন ৩৭ প্রার্থী।
নির্বাচনে মোট ভোটার ১০ হাজার ৬৪৫ জন। এরমধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন।
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. শফিকুল ইসলাম বাসস’কে জানান, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটারদের দ্রুত তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।