শিরোনাম

কুমিল্লা (দক্ষিণ), ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলচালক ও এক পথচারী নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে উপজেলার বাতিসা ও চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
মৃতরা হলেন—চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখীল গ্রামের আবদুর রহিমের ছেলে আবদুর রহমান (২২) এবং পৌরসভার চাটিতলা এলাকার বাসিন্দা আবুল হাশেম (৭০)।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বেলা ১১ টার দিকে মহাসড়কের বাতিসা গোবিন্দ মানিক্য দিঘির দক্ষিণ পাড় এলাকায় ঢাকামুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক আবদুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রলিচালক আবদুস সোবহানও আহত হয়েছেন। তিনি উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, একই দিন সকালে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেন পার হওয়ার সময় দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় পথচারী আবুল হাশেম গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আবুল হাশেম দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রাম পৌরসভার চাটিতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ঘোলপাশা ইউনিয়নের কোমাল্লা গ্রামে তিনি বিয়ে করেছিলেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল রায়হান পাটোয়ারী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি রুহুল আমিন বাসসকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।