বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৬

ভোলায় মাদক বিরোধী সমাবেশ 

ছবি : বাসস

ভোলা, ৫ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলায় আজ পুলিশের উদ্যোগে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বেলা ১২ টায় জেলা পুলিশের উদ্যোগে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। 

শিবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুর হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক, জিয়া উদ্দিন, তালহা তালুকদার বাঁধন প্রমুখ। 

এ সমাবেশে ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, ইমাম, কাজী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, ইউনিয়ন পরিষদ সদস্য ও সচিব এবং সংবাদ কর্মি সহ বিভিন্ন শ্রেনী-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

এসময় বক্তরা শিবপুর ইউনিয়নকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দেন।

প্রধান অতিথি পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গড়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি অঙ্গীকার। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকেই সচেতন করার কাজ শুরু করতে হবে। পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মাদক নির্মূলে সকলকে সচেতন হওয়ার পাশাপাশি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে হবে। 

পুলিশ সুপার জানান, ভোলা জেলার ১০টি থানার আওতায় বিভিন্ন  উপজেলা ও ইউনিয়নে মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনাসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে এবং তা চলমান থাকবে।