শিরোনাম

নেত্রকোণা, ৫ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নেত্রকোণায় ৩ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।
সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে জেলার কলমাকান্দা উপজেলায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে সামাজিক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ পলাশের ব্যক্তিগত অর্থায়নে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির দিকনির্দেশনায় ইউনিয়নভিত্তিক সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় প্রথম ধাপে জেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও এলাকায় ফলজ, বনজ ও ভেষজ প্রজাতির ৫০০টি গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে এ ইউনিয়নে মোট ৩ হাজার চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্কাছ আলী, খারনৈ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা শহীদ উল্লাহ শহীদ, উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদ আকঞ্জি, সদস্য সচিব মো. আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হানিফ মিয়া, শ্রমিক দল নেতা মো. নুর উদ্দিন ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামসহ স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, ‘বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানবজীবন ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু হওয়া এ উদ্যোগের মাধ্যমে খারনৈ ইউনিয়নকে একটি পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য।’
চারা রোপণের পাশাপাশি তা সংরক্ষণে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং পরিবেশ সংরক্ষণের শুভকামনা জানিয়ে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।