শিরোনাম

টাঙ্গাইল, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার সখিপুর উপজেলায় আজ ট্রাকের ধাক্কায় আওয়াল শফি (৪৫) নামের মোটরসাইকেল আরোহী একব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর একটার দিকে সখিপুর উপজেলায় নলুয়া-টাঙ্গাইল সড়কে নলুয়া বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আওয়াল শফি জেলার সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে। তিনি সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারি পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আওয়াল শফি মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে নিজ বাড়ি উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি নলুয়া বাজারের পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আওয়াল শফির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।