বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৪

সুনামগঞ্জে অনিয়মের দায়ে  ১৭ টি বাসকে জরিমানা 

সুনামগঞ্জ, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলার শান্তিগঞ্জ উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে ১৭ টি যাত্রীবাহী বাসকে জরিমানা করেছে টাস্কফোর্স।

মহাসড়কে শৃঙ্খলা ও যানবাহন চলাচল নিরাপদ করতে উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ অফিসের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স -এর অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা। 

আজ বুধবার বেলা ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

টাস্কফোর্স -এর অভিযানকালে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী সকল যাত্রীবাহী বাসের ফিটনেস, রেজিস্ট্রেশন ও চালকের লাইসেন্স চেক করা হয়। অভিযানকালে কাগজপত্রে ত্রুটি থাকায় ১৭টি বাসকে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে কাগজপত্র সংশোধন করার নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউল্লাহ, জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব, সুনামগঞ্জ বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেল প্রমুখ উপস্থিত ছিলেন।