শিরোনাম

ঢাকা, ২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): খুলনার ভৈরব নদে ফেরি-ট্রলারের সংঘর্ষে নিখোঁজ রাকিব খান নামক যুবককে উদ্ধারে অভিযানে চালাচ্ছে নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার বিভাগের সদস্যরা।
নিখোঁজ রাকিব রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজী গ্রামের বাকের খানের ছেলে।
এর আগে, গতকাল মঙ্গলবার রাতে ভৈরব নদীতে ফেরি ও ট্রলারের মধ্যে সংঘর্ষ হলে ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়। ট্রলারে থাকা সকল যাত্রীকে উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন রাকিব।
নৌ পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের বাসস’কে বলেন, রাত ৪টা ৩০মিনিট পর্যন্ত আমরা রাকিবের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করি। এরপর আজ সকাল ৭টা ৩০মিনিট থেকে আবারও অভিযান শুরু করা হয়েছে। এ অভিযানে নৌ পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন।
খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার বলেন, রাতভর অভিযান চালিয়েও রাকিবকে খুঁজে না পাওয়ায় আজ সকালে তার পরিবারের সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করলে ডুবরীর একটি দল ঘটনাস্থল ও আশপাশে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু এখনও পর্যন্ত তার সন্ধান পাওয়া যায় নি।
সেইসঙ্গে, ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি।