বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

মুন্সীগঞ্জে ২টি বানিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জ, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলার লৌহজং উপজেলায় আজ অবৈধভাবে বিএসটিআই-এর লোগো ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বুধবার দুপুর সাড়ে ১২ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত লৌহজং উপজেলার কনকসার বাজার ও নাগেরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে নাগেরহাটে প্রীতি আইসক্রীম ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রীম তৈরী এবং অনুমোদন না নিয়ে অবৈধভাবে বিএসটিআই এর লোগো ব্যবহার করার দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মকবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, কনকসার বাজারে বিসমিল্লাহ বানিজ্যালয়ে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়ের জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ শান্ত মোড়লকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম হাসান মজুমদার, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নাজমুর হাসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।