বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫১

কক্সবাজারে পিআইবির ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ছবি : বাসস

কক্সবাজার, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শেষ হয়েছে।

গত রোববার কক্সবাজার অরুণোদয় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে আজ মঙ্গলবার শেষ হয়েছে। 

কক্সবাজার প্রেসক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। কক্সবাজারে কর্মরত ৩৫ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন।

আজ মঙ্গলবার দুপুরে কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।।

ফারুক ওয়াসিফ বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ করছে, তেমনি গুজবের বিস্তারও বাড়াচ্ছে। এ অবস্থায় বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা বজায় রাখতে ফ্যাক্ট চেকিং এবং আধুনিক প্রযুক্তির জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত সক্ষমতা আরও বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এসএম জাফর, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন প্রযুক্তিতে দক্ষ হওয়া অপরিহার্য। এআই ব্যবহারের পাশাপাশি বস্তুনিষ্ঠতা, পেশাগত নৈতিকতা ও তথ্য যাচাইয়ের সংস্কৃতি আরও শক্তিশালী করতে হবে। এই প্রশিক্ষণ কক্সবাজারের সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশা করি।

কর্মশালায় সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন কৌশল ও ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে ছিল প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও এআই টুলসের ব্যবহার, প্রম্পট লেখার কৌশল, নোটবুক এলএলএম, গুগল ট্রেন্ডস এবং এআই ব্যবহার করে সংবাদভিত্তিক ছবি ও ভিডিও তৈরি। এ ছাড়া সাইবার ও ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম স্বাক্ষরতা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থাপনা, অ্যাকাউন্ট সুরক্ষা, ডাটা ব্যাকআপ ও রিকভারি নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি ভুয়া তথ্য, ছবি ও ভিডিও যাচাইয়ের আধুনিক পদ্ধতি, ডিপফেক শনাক্তকরণ এবং এআই ব্যবহারে সাংবাদিকতার নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার বিষয়গুলো তুলে ধরা হয়।