শিরোনাম

কুমিল্লা (দক্ষিণ), ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা সফল করতে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নজরুল বর্ষ’ জেলা কমিটি এ প্রস্তুতি সভার আয়োজন করে।
জেলা প্রশাসক মিজ রোজী আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা কালচারাল কর্মকর্তা কামরান হাসান, কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, জাসাস কুমিল্লা মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি ইশতেয়াক আহমেদ পল্লব, বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির যুগ্ম মহাসচিব শামস আল মামুনসহ জেলা কমিটির সদস্য এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতাটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে অংশগ্রহণকারী নির্বাচন, আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের সম্পৃক্ততাসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরা হয়।
সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত শুধু সৃজনশীলতার নয়, মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তারও শক্তিশালী বার্তা বহন করে। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের কাছে নজরুলের বহুমাত্রিক সৃষ্টিকর্ম ও চেতনা আরও সহজে তুলে ধরা সম্ভব হবে।
জেলা পর্যায়ের এ আয়োজনের মাধ্যমে প্রতিভাবান শিক্ষার্থী ও তরুণদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করার পাশাপাশি নজরুলের সাহিত্য-সংস্কৃতির সঙ্গে তাদের আরও গভীরভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা পর্যায়ের প্রতিযোগিতা যথাযথ পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। জেলা প্রশাসন, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট জেলা কমিটির সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।