বাসস
  ২০ আগস্ট ২০২৬, ১৪:০০

হবিগঞ্জের সাতছড়ি ফরেস্ট থেকে ৬পিস্তল ও গোলাবারুদ উদ্ধার

ছবি: বাসস

হবিগঞ্জ, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় আজ অভিযান চালিয়ে মাটির নীচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও ২২ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন সাতছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আজ দুপুর সড়ে ১১টায় বিজিবি সংবাদ সম্মেলন করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমানের নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১৯৭৮ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় তল্লাশি চালানো হয়।

এক পর্যায়ে মাটির নীচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা অস্ত্র ও গোলাবারুদগুলো দুর্গম ওই এলাকায় মাটির নিচে লুকিয়ে রেখেছিল।

উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেয়ার কার্যক্রম চলছে। একই সঙ্গে এসব অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বাসস’কে বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি’র অভিযান ও তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।