শিরোনাম

টাঙ্গাইল, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার সখিপুরে সড়ক দুর্ঘটনায় ইমু আক্তার (২০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ইমু আক্তার উপজেলার রতনপুর পশ্চিমপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ইলিম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইমু আক্তার ৬ মাসের কন্যা শিশুকে নিয়ে সিএনজি যোগে সখিপুরে যাওয়ার পথে শোলাপ্রতিমা এলাকায় ইমু সিএনজি থেকে থুথু ফেলার জন্য মাথা বাইরে বের করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে শিশু সন্তানটি অক্ষত রয়েছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।