শিরোনাম

ঝিনাইদহ, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার কালীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক নায়েব আলী হত্যা মামলায় আল-আমিন পাটোয়ারী (২৬) নামে ১ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ইউনুস পাটোয়ারী (৫৬) নামে আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন পাটোয়ারী যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ইউনুস আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মাসুদ আলী এ দণ্ডাদেশ দেন।
মামলার বিবরণে জানা গেরছ, জমি নিয়ে বিরোধের জেরে ২০২৫ সালের ২৮মে কালীগঞ্জ উপজেলার মালিয়াট গ্রামের কৃষক নায়েব আলীকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী ইউনুছ আলী ও তার ছেলে আল-আমিন। এই ঘটনায় নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
গত বছরের ১৮ আগস্ট তদন্ত শেষে ছেলে আল আমিন ও পিতা ইউনুস আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচারিক প্রক্রিয়া শুরুর মাত্র ৭ কার্যদিবসে ওই মামলায় ছেলে আল-আমিনকে ফাঁসি ও বাবা ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
একই সাথে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিনকে ৫০ হাজার টাকা ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি ইউনুস আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আকিদুল ইসলাম বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত একজনের মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। এই রায় দ্রুত কার্যকর হবে বলে আমি বিশ্বাস করি।