শিরোনাম

নড়াইল, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আল আমিন (২২) নামে ট্রাকের ১ হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের বাঁশভিটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত আল আমিন যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের মোহাম্মদ মফিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নড়াইল-যশোর সড়কের নড়াইল সদর উপজেলার বাঁশভিটা এলাকায় একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। চালকের সহকারী (হেলপার) আল-আমিন ট্রাকের পিছনে চাকা পরীক্ষা করছিলেন। এ সময়ে যশোর থেকে নড়াইল অভিমুখী একটি প্রাইভেটকার ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের পেছনে থাকা আল আমিনের মৃত্যু হয়। এছাড়া প্রাইভেটকারে থাকা ২ জন আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বাসস’কে বলেন, মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে।