শিরোনাম

রাঙামাটি, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার বাঘাইছড়ি উপজেলায় বন্যার পানিতে ডুবে অনুষ্কা চাকমা (৫) ও আন্দারা চাকমা (১২) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ও সাজেক ইউনিয়নের ভূয়াছড়ি এলাকায় পৃথক দু’টি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
অনুষ্কা চাকমার বাবা সুজিত বিকাশ চাকমা বাসস’কে বলেন, অনুষ্কা বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর দিকে, সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় কাচালং নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যায় আন্দারা চাকমা (১২)।
আন্দারা চাকমার বাবা লক্ষিরঞ্জন চাকমা বাসস’কে বলেন, তার ছেলে গত ১১ আগস্ট দুপুরে নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। গতকাল শুক্রবার দুপুরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জুলফিকার ইসলাম বাসস’কে বলেন,ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক তদন্তে মনে হয়েছে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান তাৎক্ষণিকভাবে শোকসন্তপ্ত সুজিত বিকাশ চাকমার বাড়িতে ছুটে যান। তিনি নিহত শিশুর পরিবারকে সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।