বাসস
  ১৫ আগস্ট ২০২৬, ১৩:৪১

দিনাজপুরে মাদকসেবিকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

দিনাজপুর, ১৫ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার বীরগঞ্জ পৌরসভা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ৪ জনকে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বাসস’কে নিশ্চিত করা হয়েছে।

পুলিশের সূত্রটি জানায়, আটকদের গতকাল শুক্রবার রাত ৯টায় থানা পুলিশ জেলার বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দীপঙ্কর বর্মন এর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আটক ৪ জনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করেন। দণ্ডিত ৪ জনকে শুক্রবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

জেলার বীরগঞ্জ থানার ওসি পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে বীরগঞ্জ পৌরসভার সুজালপুর এলাকা হতে মাদক সেবনরত অবস্থায় ওই ৪ জনকে আটক করা হয়। পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জেলার বীরগঞ্জ উপজেলার মাকড়াই গ্রামের পারভেজ ইসলাম (৩০) ও ওমর ফারুক (৩২), সুজালপুর গ্রামের বিশ্বনাথ মার্ডী (৩৫) এবং উত্তর সুজালপুর গ্রামের লাবু হোসেন (২৮)।

বীরগঞ্জ থানার ওসি জানিয়েছেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।