বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ২১:৩৫

নেত্রকোণায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

নেত্রকোণা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় সারবোঝাই ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম ও পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিকআপভ্যানটি ভক্তদের নিয়ে নেত্রকোণার ঐতিহাসিক মদনপুর ওরসের উদ্দেশে যাচ্ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ভক্তদের নিয়ে নেত্রকোণাগামী একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক পুরুষ ও এক নারীর মৃত্যু হয়। পরবর্তীতে আহত অবস্থায় নেত্রকোণা জেলা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুই পুরুষের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহত অন্য রোগীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।