বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ২১:২২

থানচিতে ৭ শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ

ছবি: বাসস

বান্দরবান, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার থানচি উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন বাড়াতে ৭ শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা বিতরণ করেছে থানচি উপজেলা জোত মালিক সমিতি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় থানচি বাজার প্রাঙ্গণে সমিতির উদ্যোগে এ বৃক্ষচারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

কর্মসূচির আওতায় রূপালি আম, আমড়া, মিষ্টি তেঁতুল, বারি-৪ আম, বরইসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা স্থানীয় কৃষক, বাগানচাষি, অসহায় পরিবার ও আগ্রহী ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও থানচি উপজেলা জোত মালিক সমিতির সভাপতি শৈবাথোয়াই মারমা উপস্থিত থেকে স্থানীয়দের হাতে বৃক্ষচারা তুলে দেন।

সমিতির সদস্যরা জানান, স্বাধীনতার পর প্রথমবারের মতো সংগঠনের পক্ষ থেকে এ ধরনের বৃহৎ পরিসরে বৃক্ষচারা বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে।

বৃক্ষচারা বিতরণকালে উপজেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মংহাইসিং মারমা, জোত মালিক সমিতির সাধারণ সম্পাদক মংছোরী মারমা, সহ-সভাপতি মংসাগ্য মারমা, হ্লাচিংমং মেম্বার, মংপ্রুসে মারমাসহ সমিতির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমিতির সংশ্লিষ্টরা জানান, বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করা হলে থানচির পাহাড়ি পরিবেশ আরও সবুজ, সমৃদ্ধ ও জীববৈচিত্র্যসমৃদ্ধ হয়ে উঠবে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।