বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ২১:১৩

শাহরাস্তি প্রেসক্লাবের আয়োজনে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা 

ছবি: বাসস

চাঁদপুর, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস): সাংবাদিকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা, ফ্যাক্ট-চেকিং ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার সকাল ১০টায় শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। 

শাহরাস্তি মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারের পরিচালক ও প্রেসক্লাবের দাতা সদস্য ডাক্তার আরিফ উল হাসান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

কর্মশালার শুরুতে ‘সংবাদের উৎস, অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা ও সাংবাদিকতায় নৈতিকতা’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, 
এসময় তার জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

এরপর ‘সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং’ বিষয়ে প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও  দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা। 

দুপুর ১টায় ‘এআই ও ফ্যাক্ট-চেকিং’ বিষয়ে প্রাণবন্ত প্রশিক্ষণ প্রদান করেন বুম বাংলাদেশের ফ্যাক্ট-চেকার ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাস্টার ট্রেইনার তৌসিফ আকবর।
 
দুপুরের খাবারের বিরতির পর বেলা আড়াইটায় ‘মফস্বল সাংবাদিকদের ক্যারিয়ার প্ল্যান’ বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহাবুর আলম সোহাগ। 

দিনের শেষ প্রশিক্ষণ সেশনে ‘ডিজিটাল সাংবাদিকতার কলাকৌশল’ বিষয়ে প্রশিক্ষণ দেন আরটিভির ডিজিটাল কনটেন্ট অ্যান্ড মোবাইল জার্নালিজমের ইনচার্জ দেলোয়ার হোসেন।

বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। 

প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও কার্য নির্বাহী সম্পাদক ফয়েজ আহমেদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। 

দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণে শাহারাস্তি প্রেসক্লাবের সদস্যগণ অংশগ্রহণ করেন।