বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১৮:২১

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত

ছবি: বাসস

নরসিংদী, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : ‘কারিগরি দক্ষতায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে নরসিংদীতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ তাঁত বোর্ডের বাস্তবায়নে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (NTEC) ক্যাম্পাসে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে এ জব ফেয়ার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. জাকির হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের  সংসদ সদস্য  ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য এ্যাড. শিরীন সুলতানা। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান।

দিনব্যাপী এ জব ফেয়ারে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও টেক্সটাইল খাতের ১০ টি স্টলসহ প্রতিনিধিরা অংশ নেন। মেলায় আগত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি জীবনবৃত্তান্ত জমা, স্পট রেজিস্ট্রেশন সুযোগ তৈরি হয়। এছাড়াও তরুণদের ক্যারিয়ার গঠন এবং দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন আগত অতিথিরা।

আয়োজকরা জানান, এ ধরনের জব ফেয়ার কারিগরি ও টেক্সটাইল খাতের শিক্ষার্থীদের সরাসরি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করতে এবং দেশের দক্ষ জনশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় কয়েকশ চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন।