শিরোনাম

নারায়ণগঞ্জ, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক ট্রাকের চাপায় মো. রাজু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত রাজু মিয়া চাঁদপুর সদর থানার বিশনন্দী গ্রামের মৃত ইব্রাহিম মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি রাব্বানী নগর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সড়ক পার হওয়ার সময় চাষাঢ়াগামী একটি দ্রুতগতির ট্রাক রাজু মিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ নিয়ে চাঁদপুরে গ্রামের বাড়িতে চলে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, দুর্ঘটনার বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে।’