শিরোনাম

ভোলা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে ২ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার মনপুরা থানাধীন কাজিরচর সংলগ্ন এলাকায় গতকাল বুধবার দিবাগত বৃহস্পতিবার রাত ১টা হতে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত স্বপন বাহিনীর ২ সহযোগীকে আটক করা হয়।
আটক ডাকাত নূর উদ্দিন রুবেল (৩৫) এবং মো. বাচ্চু মিয়া (২৫) মনপুরা থানার হাজির হাট এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে ডাকাত 'স্বপন বাহিনী' এর সহযোগী হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।