বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১৬:২২

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গোপালগঞ্জ, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার দিগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রেজাউল আলম উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি বাসস’কে নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে রেজাউল আলম মোটরসাইকেল চালিয়ে মুকসুদপুর থেকে টেকেরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দিগনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।