বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১৮:০১

খুলনায় শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

খুলনা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস): শিশুকে ধর্ষণের দায়ে শাহিন আলম গাজী নামে এক ব্যক্তিকে  যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার খুলনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল জেলা আদালতের বিচারক মো. রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার।
 
দণ্ডপ্রাপ্ত শাহিন খুলনার ডুমুুরিয়া উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা মাহাবুর গাজীর ছেলে।
 
আদালত সূত্র জানায়, শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। ২০২৪ সালের ১ মে রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে যায়।

এ সুযোগে রাত সাড়ে ১২টার দিকে মিথ্যা কথা বলে তাকে উপজেলার রুপরামপুর গ্রামের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে শাহিন।

এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
 
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই সুকান্ত কর্মকার শাহিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

একই বছরের ৭ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণা করেন আদালত।