বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১৫:৩৬
আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১৫:৪০

যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ মহড়া

বুধবার রাত ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ মহড়া শুরু হয় ।ছবি: বাসস

যশোর, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনের অংশ হিসেবে যশোর শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট বিশেষ মহড়া দিয়েছে।

গতকাল বুধবার রাত ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ মহড়া শুরু হয়ে শহরের অন্তত ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পালবাড়ি, চাঁচড়া চেকপোস্ট, মনিহার, হাইকোর্ট মোড়, নিউমার্কেট, দড়াটানা, রেলস্টেশনসহ বিভিন্ন এলাকা মহড়ার আওতায় ছিল।

মহড়ায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, রাজিবুল ইসলাম, শাখাওয়াত হোসেন, আহসান হাবীব, রাইসুল ইসলাম, র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এবং জেলা আনসার ও ভিডিপি’র অতিরিক্ত পরিচালক আবির রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব বাসস’কে বলেন, জেলাজুড়ে চলমান পুলিশি অভিযান আরও কার্যকর করতে এবং দুর্বৃত্তদের সতর্ক করতেই এ মহড়া চালানো হয়েছে। 

তিনি জানান, মহড়া চলাকালে মোবাইল কোর্টও পরিচালনা করা হয়।