বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১৫:৩১

যশোরে জুয়াড়ি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি

যশোর, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : যশোরের মণিরামপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন-মণিরামপুর উপজেলার বালিদা পূর্বপাড়ার মো. শরিফুল ইসলাম (৪০), নেহালপুরের মো. বাহারুল ইসলাম (২৬), মো. ইসমাইল হোসেন ওরফে রাজু (৩৫) ও জয়পুরের মো. ইমরান হোসেন (২৩)।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মণিরামপুর থানাধীন নেহালপুর কালিবাড়ী বাজারে রেজাউল করিমের চায়ের দোকানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসআই মো. কামরুজ্জামানের নেতৃত্বাধীন দলটি উপস্থিত হলে সেখান থেকে ৬-৭ জন পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ তাদের মধ্য থেকে ৪ জনকে আটক করতে সক্ষম হয়।

মিরাজুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদে আটকরা মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অবৈধ বেটিং সাইটে বিকাশ ও নগদের মাধ্যমে দীর্ঘদিন ধরে জুয়া পরিচালনার কথা স্বীকার করেন। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

গ্রেপ্তারদের গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।