শিরোনাম

যশোর, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মো. সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু (৪৬) ও তার সহযোগী রতনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১টার দিকে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু যশোর শহরের আরবপুর বিমানবন্দর সড়ক এলাকার মৃত হাসেম আলীর ছেলে। তার সহযোগী রতন শহরের কাজীপাড়া কাঠালতলা এলাকার মোরশেদ ইমাম বকুলের ছেলে।
পুলিশ জানায়, যশোর উপশহর ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) অলোক কুমার দে’র নেতৃত্বে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বুধবার দিবাগত মধ্যরাতের দিকে শহরের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসায়। এসময় সেখান থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বাসস’কে জানান, গ্রেপ্তার সাইদুজ্জামান ওরফে দাতাল বাবু চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় আতঙ্ক হিসেবে পরিচিত। গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান যশোর পুলিশের মুখপাত্র।