বাসস
  ০৫ আগস্ট ২০২৬, ১৪:২৬

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আজ সকালে স্থানীয় জুলাই যোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি: বাসস

দিনাজপুর, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : দিনাজপুরে জনপ্রতিনিধি প্রশাসন ও সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন, যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্থানীয় জুলাই যোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই উপলক্ষে জেলার বিভিন্ন স্তরের মানুষ ও নেতৃবৃন্দ উপস্থিত হয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

স্মৃতিস্তম্ভে ফুল দেয়ার মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। শ্রদ্ধা নিবেদনের শুরুতে দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মো. জেদান আল মুসা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দল এবং জুলাই যোদ্ধারা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর শিশু একাডেমি মিলনায়তনে ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মাহমদ রফিকুল ইসলাম সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। তিনি তার বক্তব্যে বলেন, ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান ছিল তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে সরকার পতনের আন্দোলন। ওই আন্দোলনে আমারা সফল হয়েছি। যার ফলে আজ আমরা সুষ্ঠু নির্বাচন ও জনগণের অংশগ্রহণমূলক ভোটাধিকার প্রয়োগে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছে। দেশের মানুষ এর সুফল ভোগ করতে পারছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে জুলাই যোদ্ধা শহীদের  আত্মত্যাগের কথা স্মরণ করেন। আগামীতে গণতান্ত্রিক চেতনা রক্ষার সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। 

সভায় পুলিশ সুপার মো. জেদান আল মুসা,অতিরিক্ত জেলা প্রশাসক মো.হাবিবুল হাসান ও জেলা বিএনপি সহসভাপতি মো. খালেকুজ্জামান বাবুসহ প্রমুখ বক্তব্য রাখেন।

দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।