শিরোনাম

গাইবান্ধা, ৫ অগাস্ট, ২০২৬ (বাসস) : গাইবান্ধায় জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার সাত উপজেলার ২৫২ জন জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রত্যকের হাতে সম্মাননা সূচক হিসেবে ক্রেস্ট ও উন্নত মানের একটি করে আমের চারা বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
আলোচনা সভায় বক্তব্য দেন, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, জুলাই যোদ্ধা আমিনুল হক, রিয়াদ হাসান রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, প্রিন্ট- ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীসহ অনেকেই।
আলোচনা সভায় জুলাই যোদ্ধারা বলেন, আমরা শুধু ভাতা কিংবা নামের জন্য এই আন্দোলন করি নাই, শুধু রক্ত দিই নাই। আমরা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। দেশের জনগন যে আকাঙ্খায় রাস্তা নেমে এসে হাসিনাকে তাড়িয়েছে, তা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
এরআগে সকাল সাড়ে ১০টার দিকে জুলাই স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।