শিরোনাম

নাটোর, ৫ আগস্ট, ২০২৬ (বাসস) : ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদকে সামনে রেখে জেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের বীরত্বগাথা ও আত্নত্যাগকে এ দেশের মানুষ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাদের রক্ত ঋণের ওপর দাঁড়িয়ে আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশে উন্নয়নের পাশাপাশি গণতন্ত্রকে সুসংহত করা এবং সুশাসন নিশ্চিত করার মাধ্যমে বাসযোগ্য দেশ গড়ে তুলতে ভূমিকা রাখতে চাই।
আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মো. আবুল হায়াত, নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, শহীদ আকিবের পিতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান প্রমুখ।
এরআগে সকাল ৯টায় জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা আয়োজন করা হবে।
জেলা তথ্য অফিস, প্রেসক্লাব চত্বর, স্বাধীনতা চত্বর, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং ষ্টেশন বাজারে জুলাই
গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করছে।
জেলার সকল হাসপাতাল, কারাগার এবং সরকারি শিশু পরিবারে প্রীতিভোজের আয়োজন করা হচ্ছে।
উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি এবং জেলা শিশু পার্ক শিশুদের জন্যে বিনা মূল্যে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।