শিরোনাম

নরসিংদী, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় মাদার কেয়ার জেনারেল হাসপাতালকে বিভিন্ন অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে হাসপাতালটিতে পরিদর্শনকালে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ভেলানগর বাসস্ট্যান্ড সংলগ্ন মাদার কেয়ার জেনারেল হাসপাতাল পরিদর্শনের সময় হাসপাতালে কোনো নিবন্ধিত চিকিৎসক উপস্থিত ছিলেন না। এছাড়া আল্ট্রাসাউন্ড কক্ষের সামনে গর্ভস্থ সন্তানের লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ সংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশনা সম্বলিত নোটিশ প্রদর্শন করা হয়নি। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতিতে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার প্রমাণও পাওয়া যায়।
এ ছাড়া অপারেশন থিয়েটারের দুটি অপারেশন লাইট অকার্যকর, ল্যাব টেকনোলজিস্ট হিসেবে দায়িত্ব পালনকারী একজনের প্রয়োজনীয় শিক্ষাগত ও পেশাগত সনদপত্র অনুপস্থিত, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ফি আদায়, এক্স-রে কক্ষে বিকিরণ প্রতিরোধী লিডযুক্ত দরজা না থাকা এবং হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ট্রেড লাইসেন্স তিন বছর ধরে নবায়ন না করার বিষয়টি ধরা পড়ে।
এসব অনিয়মের প্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিনিধি ডা. সঞ্জয় কুমার সাহা।