শিরোনাম

নেত্রকোণা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার কলমাকান্দার মহাদেও নদে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮টি নৌকা জব্দ ও ৭ জনকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ১জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সতেরহাতী মহাদেও এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬ জনকে ৬টি পৃথক মামলায় ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অন্য একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি স্টিলের নৌকা এবং আনুমানিক ১ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ বালু জনসম্মুখে পুনরায় নদীতে ফেলে দেয়া হয়। জব্দ স্টিলের নৌকাগুলো পুলিশ সদস্য এসআই মো. জাহাঙ্গীর হোসেনের জিম্মায় রাখা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ ও উপজেলা প্রশাসন জানায়, নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে মহাদেও নদে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।