বাসস
  ২৮ জুলাই ২০২৬, ১১:০৭

কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা

রাজশাহী, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্যোগে ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী রাজশাহী জেলার কৃতি খেলোয়াড়দের আজ সংবর্ধনা দেয়া হয়েছে। 

মঙ্গলবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের এই সংবর্ধনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াবিদদের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং রাজশাহী জেলার গর্ব। ভবিষ্যতে আরও বেশি খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করবে-এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও অভিনন্দন জানানো হয়। এ সময় বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, প্রশিক্ষক, খেলোয়াড়, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।