শিরোনাম

চুয়াডাঙ্গা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিল প্রশিক্ষণের আজ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুল নাহার।
সমাজসেবা অফিসার সাঈদ আল হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জাকির হোসেন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় সদর উপজেলার প্রান্তিক পর্যায়ের ৩০জন পেশাজীবীদের এখানে প্রশিক্ষণ দেয়া হবে। দশ দিনব্যাপী এই প্রশিক্ষণ চলবে। প্রতিদিন একেক জন পেশাজীবীকে ১হাজার টাকা করে সম্মানী এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেকের ব্যাংক একাউন্টে ১৮ হাজার টাকা ভাতা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক পেশাজীবীদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সফট স্কিলের গুরুত্ব তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কর্মক্ষেত্রে আরও দক্ষ ও পেশাদার হয়ে উঠবেন, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আয়নাল হক, প্রশিক্ষক উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি নাজমুল হক স্বপন প্রমুখ।