শিরোনাম

রাজশাহী, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : রাজশাহী অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রাচীন সংগঠন রাজশাহী এসোসিয়েশন প্রতিষ্ঠার ১৫৫তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় রাজশাহী এসোসিয়েশনের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এসোসিয়েশনের সহ-সভাপতি মোহা. সবুর আলী।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তরুণ প্রজন্মকে সংগঠনটির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোহা. সবুর আলী বলেন, রাজশাহী এসোসিয়েশন শুধু একটি সংগঠন নয়, এটি রাজশাহীর দীর্ঘ সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে নতুন প্রজন্মকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। রাজশাহীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে এসোসিয়েশনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী। তিনি বিগত ১৫৫ বছর ধরে শিক্ষা, সংস্কৃতি, জনকল্যাণ ও সামাজিক অগ্রগতিতে এসোসিয়েশনের অবদানসমূহ তুলে ধরেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— এসোসিয়েশনের এডহক কমিটির সদস্য সচিব ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী, আজীবন সদস্য মো. লিয়াকত আলী, আব্দুল আওয়াল খান চৌধুরী, এডহক কমিটির সদস্য এসএম রেজাউল ইসলাম ও ড. সাবরিনা আনাম।
এ সময় বক্তারা বলেন, রাজশাহী এসোসিয়েশনের দীর্ঘ পথচলা এ অঞ্চলের মানুষের ঐক্য, সামাজিক দায়বদ্ধতা ও সাংস্কৃতিক চেতনার প্রতিফলন। সময়ের সঙ্গে সমাজ ও মানুষের প্রয়োজন পরিবর্তিত হলেও, সংগঠনটির মূল লক্ষ্য ও ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যাওয়ার গুরুত্ব রয়েছে।
এর ঐতিহ্যকে সামনে এগিয়ে নিতে যৌথ প্রচেষ্টার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ ও রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি অ্যাড. আবুল কাশেমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।