শিরোনাম

দিনাজপুর, ২২ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার বীরগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্মিত ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটি বীরগঞ্জ পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে মিলনায়তনে ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটি আনুষ্ঠানিকভাবে পৌরসভাকে হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. সুমা খাতুন।
২০২২ সালে জিওবি-আইডিবি প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বীরগঞ্জ পৌর শহরের ময়লা আবর্জনা প্রক্রিয়ার জন্য বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের চাকাই মৌজার কেন্না কান্দরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ডাম্পিং কম্পোস্টিং স্টেশন (ময়লা গাড্ডা) নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। নির্মাণ কাজ শেষে পীরগঞ্জ পৌরসভার আনুষ্ঠানিকভাবে স্টেশনটি বুঝিয়ে দেয়া হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে বীরগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী মো. সবুর হোসেন মন্ডল ডাম্পিং স্টেশনটি বীরগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মনের কাছে হস্তান্তর করেন।
এ সময় রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল কালাম আজাদ, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা এলজিডি প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জনসাস্থ্যের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক শওকত জুনিয়ার জুয়েল, ছাত্র বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আব্দুর জব্বারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরআগে কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ ডাম্পিং কম্পোস্টিং স্টেশনটির বিভিন্ন দিক পরিদর্শন করেন।