শিরোনাম

চুয়াডাঙ্গা, ২১ জুলাই ২০২৬ ( বাসস): জেলা পরিষদের উদ্যোগে ২৯২ জন গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে ২০২৫-২০২৬ অর্থ বছরের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে আজ চুয়াডাঙ্গা জেলা পরিষদ মিলনায়তনে এই বৃত্তির অর্থ বিতরণ করা হয়।
এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ।
শরিফুজ্জামান শরীফ বলেন, এ ধরনের শিক্ষাবৃত্তি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করবে এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ গড়ার দায়িত্ব পালন করবে। তাই শিক্ষিত হওয়ার আগে সর্বপ্রথম একজন ভালো মানুষ হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এম. কে. এম সাইফুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, জেলা শিক্ষা অফিসার মো. আলিমুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আনিসা খানম।
সভা শেষে ২৯২ জন শিক্ষার্থীকে ১৮ লাখ ২৬ হাজার টাকা বৃত্তির অর্থ প্রদান করা হয়। এর মধ্যে উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ৫ হাজার টাকা করে, ১০৪ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ৭ হাজার টাকা, ১৬ জন প্রকৌশল শিক্ষার্থীদের মাঝে ৮ হাজার টাকা এবং ২২ জন মেডিক্যাল ও ডেন্টাল শিক্ষার্থীদের মাঝে প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিন্টু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খাঁন, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি।