শিরোনাম

রাঙ্গামাটি, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : জেলার রাজস্থলী উপজেলায় আজ পাহাড় ধস ও বন্যা উপদ্রুত বিভিন্ন এলাকা পরিদর্শনসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজস্থলী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তিনি এসব ত্রাণ বিতরণ করেন।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. আলী বাবর, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরনকালে দীপেন দেওয়ান এমপি বলেন, বর্তমান সরকার বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সরকারের লক্ষ্য হলো ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা এবং তাদের পাশে থাকা।এজন্য পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুর্ণর্নিমাণ এবং কৃষিখাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।
ত্রাণ বিতরণ শেষে দীপেন দেওয়ান এমপি রাজস্থলী উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।