বাসস
  ০৮ জুলাই ২০২৬, ১৫:৫৫
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৫:৫৬

চট্টগ্রামে পাহাড়ধসে মাটিচাপায় দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম, ৮ জুলাই ২০২৬ (বাসস): জেলার সীতাকুণ্ডে ও নগরীর পাঁচলাইশে পৃথক পাহাড়ধসে মাটিচাপা পড়ে দুই শিশুর শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ও দুপুর সোয়া ১টার দিকে পাঁচলাইশের চশমা পাহাড় এলাকায় এ দুর্ঘটনা দু’টি ঘটে।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তর কুমার রাজবংশী জানান, সকালে পাহাড়ের পাদদেশে বসতঘরে পাহাড়ধসে পড়লে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম তানভীর নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। নিহত তানভীর জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মাঈন উদ্দীনের ছেলে।

জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে এক শিশু মৃত্যুর সত্যতা জানিয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সতর্ক থাকার এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এদিকে দুপরে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন চশমা পাহাড় এলাকার পাহাড়ধসে মাটিচাপা পড়ে সুমাইয়া (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সুমাইয়া ওই এলাকার বাসিন্দা ফারুক হোসেনের মেয়ে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোন-৪ এর উপসহকারী পরিচালক শাহ ইমরান বলেন, পাহাড়ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার সময় ঘরে থাকা সুমাইয়ার মা-বাবা বের হয়ে যেতে সক্ষম হন। তবে পাশের কক্ষে থাকা সুমাইয়া বের হতে পারেনি। পরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।